চলতি বছরের ডিসেম্বরে অবসরে যেতে পারেন বলে মন্তব্য করেছেন সান্তোসের ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়র। তার আগে শেষ নৃত্যটা ২০২৬ ফুটবল বিশ্বকাপে দেওয়ার ইচ্ছা তার। যদিও ফিটনেসসংক্রান্ত কারণে কার্লো আনচেলত্তির স্কোয়াডে তার জায়গা পাওয়ার বিষয়টি এখনও অনিশ্চয়তায়।

🎤 নেইমারের সাক্ষাৎকার

"এখন থেকে কী হবে আমি জানি না, আগামী বছর কী হবে তাও জানি না। হতে পারে ডিসেম্বর এলে আমি অবসর নিতে চাইব। এখন আমি বছর ধরে এগোচ্ছি। এই বছরটা সান্তোস এবং ব্রাজিল জাতীয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বকাপ সামনে। তাই আমার জন্যও এটি একটি বড় চ্যালেঞ্জ।"
— নেইমার জুনিয়র, ক্যাজটিভি সাক্ষাৎকার

💪 ফিটনেস নিয়ে চিন্তা

নেইমার যোগ করেন, "আমি চেয়েছিলাম এই মৌসুমে শতভাগ ফিট হয়ে খেলতে, তাই কিছু ম্যাচে নিজেকে বিরত রেখেছি, নিজের একটু বেশি যত্ন নিয়েছি। আমি জানি অনেকেই অনেক বাজে কথা বলে, কিন্তু তারা প্রতিদিন কী ঘটে তা জানে না, পরিস্থিতি কেমন থাকে তাও বোঝে না। সান্তোস খুব ভালো পরিকল্পনা করেছিল, যা আমাকে এ দিক থেকে অনেক সাহায্য করেছে। অবশ্যই আমি আমার দলকে সেরা উপায়ে সাহায্য করার জন্য ফিরতে চেয়েছিলাম, কিন্তু পুরোপুরি সুস্থ, ব্যথামুক্ত, ভয়মুক্ত অবস্থায় ফিরতে একটু অপেক্ষা করেছি। শেষ ম্যাচে আমি খুব ভালোভাবেই ফিরে আসতে পেরেছি।"

⚽ সাম্প্রতিক পারফরম্যান্স

সান্তোস সোমবার (১৬ ফেব্রুয়ারি) কাম্পেওনাতো পাউলিস্তার শেষ ষোলোয় ভেলো ক্লাবকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে। এই ম্যাচ দিয়েই ২০২৬ সালে প্রথমবার প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন নেইমার। গোল করতে না পারলেও নামের পাশে একটি অ্যাসিস্ট পেয়েছেন এই ৩৪ বছর বয়সি।

নেইমারের প্রত্যাবর্তন ম্যাচ - সান্তোস বনাম ভেলো ক্লাব
সান্তোস বনাম ভেলো ক্লাব ম্যাচ

আনচেলত্তির বার্তা

আনচেলত্তি তাকে বিশ্বকাপে নেওয়ার আশ্বাস দিয়েছেন, যদি শতভাগ ফিট থাকতে পারেন। ইতালিয়ান কোচের বার্তা পরিষ্কার। ২০২৬ বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিতে নেইমারের কেবল সুস্থ থাকলেই হবে না, ম্যাচ উপযোগী শতভাগ ফিটনেস থাকতে হবে। খেলতে হবে উচ্চ গতির ফুটবল।